সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আপডেট সময় : ১২:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিবসটি উপলক্ষে রোববার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে মুক্তিযুদ্ধে ত্যাগ স্বীকারকারী সেনাবাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে সামরিক অভিবাদন জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর। রাষ্ট্রপতি শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে সাক্ষর করেন। রাষ্ট্রপতির পর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শিখা অনির্বাণের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের মহান আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরাবতা পালন করেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান নিজ নিজ বাহিনীর পক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।




















