সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার, উঠতে পারে ৫ গুরুত্বপূর্ণ বিল
- আপডেট সময় : ১১:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। সংক্ষিপ্ত এ অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাসের পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটি গঠন হতে পারে।
সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের পাশাপাশি স্থায়ী কমিটি গঠন করা হবে। বিরোধী দল কোনো গুরুত্বপূর্ণ ইস্যু উত্থাপন করলে তা নিয়েও আলোচনা হতে পারে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে গত ১১ আগস্ট অধিবেশন আহ্বান করা হয়। সংবিধান অনুযায়ী, দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হতে পারে না। এর আগে গত ১৫ জুলাই সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়।
সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের জাতিসংঘ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। এ কারণে নির্ধারিত সময়ের কিছুটা আগেই তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন শেষে ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
উত্থাপনের সম্ভাবনায় ৫ বিল
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন আইন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন ইতোমধ্যে বিল আকারে উত্থাপনের জন্য সংসদ সচিবালয়ে জমা হয়েছে।
এ ছাড়া মন্ত্রিসভায় অনুমোদিত ব্যাংক রেজ্যুলেশন (সংশোধন) আইন এবং র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন বিশেষায়িত বাহিনী গঠনের লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনও শিগগির সংসদে জমা হতে পারে।
উত্থাপনের পর এসব বিল চলতি অধিবেশনেই পাস হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

























