শেখ হাসিনা বিচার প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত
শেখ হাসিনার ভারতে অবস্থানের স্ট্যাটাস জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর
- আপডেট সময় : ১১:৪৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে বা কী প্রক্রিয়ায় সেখানে আছেন, সে বিষয়ে বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনা বিচার প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত। তাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে প্রত্যর্পণের আবেদন করেছে বাংলাদেশ। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতের একটি সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরাতে আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে—এমন প্রতিবেদন প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, ওই প্রতিবেদনে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন কি না বা তার বর্তমান অবস্থানের সঠিক স্ট্যাটাস কী, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। তাই শুধু ওই প্রতিবেদনের ভিত্তিতে মন্তব্য করা ঠিক হবে না।
তিনি বলেন, বাংলাদেশ এখনো নিশ্চিতভাবে জানে না শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে অবস্থান করছেন। ফলে ভারতীয় আদালতের অনুমতির বিষয়টি কী অর্থে বলা হয়েছে, সেটিও স্পষ্ট নয়।
এ সময় ভারতে অবস্থানরত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের বিষয়টির সঙ্গে শেখ হাসিনার অবস্থানের কোনো সম্পর্ক আছে কি না—এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, দুটি ঘটনা সম্পূর্ণ আলাদা।
তিনি জানান, ২০১৫ সালে সালাহউদ্দিন আহমেদকে বাংলাদেশ থেকে অপহরণ করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। পরে ভারতের শিলংয়ে তাকে পাওয়া যায়। সেখানে দায়ের হওয়া মামলায় খালাস পাওয়ার পর তিনি দেশে ফিরে আসেন।
এদিকে জুলাই আন্দোলনে ভূমিকার অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলেও জানান আমিনুল ইসলাম।
তিনি বলেন, জুলাই আন্দোলনে তাদের ভূমিকার কারণে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং প্রায় ৩০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। এসব অপরাধের দায় আসামিদের নিতে হবে এবং ট্রাইব্যুনাল সর্বোচ্চ শাস্তি দেবেন বলে তারা আশা করছেন।





















