শাপলা চত্বরের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জামায়াত আমিরের
- আপডেট সময় : ০১:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
রাজধানীর শাপলা চত্বরের ২০১৩ সালের ৫ মে’র ঘটনাকে ঘিরে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত আমীর বলেন, তিনি বলেন, ওই দিনের ঘটনায় প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি। তিনি এ ঘটনাকে দেশের ইতিহাসে ‘বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন।
বিবৃতিতে শাপলা চত্বর অভিযান ২০১৩-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সেদিন ধর্মপ্রাণ তাওহিদী জনতার ওপর যে অভিযান পরিচালিত হয়েছিল, তা জাতির বিবেককে নাড়া দিয়েছিল। এ ধরনের ঘটনা মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সম্পন্ন হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এর ফলে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ বাড়ছে।’























