রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুলের আসন শূন্য ঘোষণা
- আপডেট সময় : ০১:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়।
শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন প্রণয়ন শাখা-২) সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) অপরাহ্ণে বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব গ্রহণের তারিখ থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে।
শূন্য হওয়া আসনটির বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে। অর্থাৎ আসনটিতে উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন।
এদিকে, আসন শূন্য ঘোষণার প্রজ্ঞাপনটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘদিনের সংসদীয় রাজনীতির একটি অধ্যায়েরও অবসান হলো। এখন ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের মাধ্যমে নতুন সংসদ সদস্য নির্বাচিত হবেন।




















