রাজশাহীর ছয়টি আসনের মধ্যে চারটিতে বিজয়ী বিএনপির প্রার্থী
- আপডেট সময় : ০৩:৪৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি সমর্থিত এবং দু’টিতে জামায়াতে ইসলামী’র প্রার্থী বিজয়ী হয়েছেন। আনন্দ- উল্লাস নয়, কৃতজ্ঞতা জানাতে ভোটার ও সমর্থকদের সাথে কুশল বিনিময় করছেন সদ্য নির্বাচিত এমপিরা। তারা চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করছেন।
রাজশাহী-১ আসনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী-২ আসনে বিএনপি উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আসনে জামায়াত নেতা ডা. আব্দুল বারী সরদার, রাজশাহী-৫ আসনে বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম ও রাজশাহী-৬ আসনে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ বিজয়ী হয়েছেন।
আনন্দ মিছিল না হলেও নির্বাচিত হয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন নির্বাচিত সংসদ সদস্যরা। দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মধ্যে চাঁদাবাজ ও দখলবাজদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন বিএনপির নব-নির্বাচিত এমপিরা।
এদিকে, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারের কথা বলছেন জামায়াতের নির্বাচিত প্রতিনিধিরা।
এছাড়া নির্বাচিত এমপিদের কাছে অনেক প্রত্যাশা ভোটারদের। তারা বলছেন, মব সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিতের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির কথা।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাজশাহীর ভোটার-প্রার্থী ও সমর্থকরা।




















