রাজশাহীর গোদাগাড়ীতে ক্লিনিকে সিলগালা
- আপডেট সময় : ০৩:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে অনিয়মের অভিযোগে একটি ক্লিনিক সিলগালা করে বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) উপজেলার কাঁকনহাট পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত সেবা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার অভিজিৎ সরকার। অভিযানে রাজশাহী জেলার ডেপুটি সিভিল সার্জন, স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ক্লিনিকটির সার্বিক কার্যক্রম পরিদর্শন এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নেয় ভ্রাম্যমাণ আদালত।
পরে কর্মকর্তাদের উপস্থিতিতে ক্লিনিকটির মূল ফটকে সিলগালা করে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে পরিচালিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
























