রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী
- আপডেট সময় : ০৩:৪৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারকে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের বিষয়ে পরামর্শ দেওয়া উচিত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।
বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান
রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের দাবিতে লংমার্চ বা কর্মসূচি দেওয়া হতে পারে। তবে এর পাশাপাশি সংকট সমাধানে বিকল্প পরিকল্পনাও দিতে হবে।
তিনি বলেন, ‘আমরা গ্যাস ও বিদ্যুৎ কীভাবে সরবরাহ করব, কোথা থেকে পাব এবং কীভাবে পাব—সে বিষয়ে আপনারা একটি বিকল্প পরিকল্পনা দিন।’
বিএনপির এই নেতা বলেন, বর্তমান সংকট মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে বিরোধী দলের পরিকল্পনা দেওয়া প্রয়োজন। সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে।
সরকারের সমালোচনা ও সংসদের বাইরে কর্মসূচি পালন গণতন্ত্রের স্বাভাবিক চর্চা বলেও মন্তব্য করেন তিনি। তবে সংকট মোকাবিলায় পরামর্শ দেওয়াও প্রয়োজন বলে উল্লেখ করেন রিজভী।
‘পরিকল্পিত অচলাবস্থা ঠিক হবে না’
রিজভী বলেন, পরিকল্পিতভাবে অচলাবস্থা তৈরি করা ঠিক হবে না। বরং সংকট কীভাবে দূর করা যায়, সে বিষয়ে কার্যকর পরিকল্পনা দিতে হবে।
অতীতের ভুলের পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও অন্ধকারের দিকে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।
আন্তর্জাতিক সংকটের প্রভাব
গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে বৈশ্বিক যুদ্ধ এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকট রয়েছে বলে দাবি করেন রিজভী।
তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সংকট দেখা দিয়েছে। এটি সরকারের নিজস্ব কোনো কারণে হয়নি বলেও দাবি করেন তিনি।
জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকার কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস তৈরি করেছিল।
অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, নায়ক হেলাল খান, জাকির হোসেন রুকনসহ অনেকে।


























