যুক্তরাষ্ট্র ও ইরানের পারস্য উপসাগরে নতুন হামলা শুরু
- আপডেট সময় : ০২:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৫২৯ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ও ইরান পারস্য উপসাগরে নতুন হামলা শুরু করেছে, যা একটি ভঙ্গুর যুদ্ধবিরতিকে আরও নড়বড়ে করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রণালীটিতে আটকে পড়া বিদেশি ট্যাংকার ও অন্যান্য জাহাজগুলোকে বের করে আনার জন্য নতুন করে প্রচেষ্টা শুরু করার পরেই ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নতুন হামলা শুরু হয়।
ট্রাম্প সামাজিক মাধ্যমে তার নতুন প্রচেষ্টা, যার নাম তিনি দিয়েছেন ‘প্রজেক্ট ফ্রিডম’, সে সম্পর্কে খুব সামান্যই জানান। এই প্রকল্পের মাধ্যমে, প্রণালীটিতে আটকে পড়া নিরপেক্ষ বিদেশি জাহাজগুলোকে যাতায়াতে সাহায্য করবে বলেও জানান ট্রাম্প।
তবে, যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে ইরান। তারা বলেছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা বা হস্তক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন বলে ধরে নেয়া হবে। ইরানের অনুমতি ছাড়া হরমুজে যুক্তরাষ্ট্র কোনো উদ্যোগ বাস্তবায়ন করতে পারবে না বলেও জানায় ইরান।
যুক্তরাষ্ট্র জানায় যে তারা ইরানের ছয়টি ছোট সামরিক নৌকা ধ্বংস করেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের একটি তেল বন্দরে, যেখানে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরিয়ে দেয়ার খবর পাওয়া যায়।






















