যুক্তরাষ্ট্রে রোলারকোস্টার দুর্ঘটনায় নিহত ১, তদন্তে পুলিশ
- আপডেট সময় : ১২:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া বিনোদন পার্কের একটি রোলারকোস্টারে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ছয়টি অঙ্গরাজ্যের ছয়টি বিনোদন পার্কে মোট নয়টি রোলারকোস্টার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান সিক্স ফ্ল্যাগস।
সোমবার (১২ অক্টোবর) আটলান্টা শহরের উত্তর-পশ্চিমে প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া পার্কে এ দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং অন্যরা কীভাবে আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
রোলারকোস্টার থেকে পড়ে যাওয়ার দাবি প্রত্যক্ষদর্শীদের
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর পার্ক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি মোকাবিলা করে। একই ধরনের রাইডের নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে বিভিন্ন পার্কে কয়েকটি রোলারকোস্টার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সিক্স ফ্ল্যাগসের এক মুখপাত্র জানান, বাড়তি সতর্কতার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্ঘটনার তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করছে প্রতিষ্ঠানটি।
আটলান্টার এনবিসি-সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল ডব্লিউএক্সআইএর প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়েছে, একজন ব্যক্তিকে রোলারকোস্টার থেকে পড়ে যেতে দেখেছেন তারা। এক প্রত্যক্ষদর্শীর দাবি, পড়ে যাওয়ার সময় ওই ব্যক্তি রাইডের গাড়িতে তিনবার আঘাত পান।
তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর প্রচারিত ভিডিওতে ‘গোলিয়াথ’ নামের রোলারকোস্টার থেকে যাত্রীদের সরিয়ে নিতে দেখা গেছে। যদিও দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট রাইডটির নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
তদন্তে কোব কাউন্টি পুলিশের বিশেষ ইউনিট
ঘটনার তদন্ত শুরু করেছে কোব কাউন্টি পুলিশের মেজর ক্রাইমস ইউনিট। দুর্ঘটনার প্রকৃত কারণ, রোলারকোস্টারের নিরাপত্তাব্যবস্থা এবং কী পরিস্থিতিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
কোব কাউন্টির বোর্ড অব কমিশনার্সের চেয়ারম্যান লিসা কিউপিড জানিয়েছেন, নিহত ব্যক্তির স্বজনদের দুর্ঘটনার খবর জানানো হয়েছে।
তিনি ঘটনাটিকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে বলেন, বহু পরিবারের আনন্দময় স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা একটি বিনোদনকেন্দ্রে এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে সবাই উদ্বিগ্ন।
কতটা দ্রুতগতির গোলিয়াথ রোলারকোস্টার?
পার্কের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০৬ সালে চালু হওয়া গোলিয়াথ রোলারকোস্টারটি উচ্চগতি ও উঁচুতে ওঠার জন্য পরিচিত। রাইডটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১১৩ কিলোমিটার। এটি প্রায় ৬১ মিটার উচ্চতায় ওঠে। পুরো যাত্রায় সময় লাগে আনুমানিক সাড়ে তিন মিনিট।
দুর্ঘটনার পর এ রাইডের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
এর আগেও রোলারকোস্টার ঘিরে দুর্ঘটনা ও অভিযোগ
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়েও বিভিন্ন বিনোদন পার্কের রাইড ঘিরে দুর্ঘটনা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা গেছে।
এ ঘটনার দুই সপ্তাহেরও কম সময় আগে ক্যালিফোর্নিয়ার সিক্স ফ্ল্যাগস ম্যাজিক মাউন্টেন পার্কে ‘এক্স২’ রোলারকোস্টার স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেওয়া হয়। ওই রাইডে চড়ার পর মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়ার অভিযোগে মামলা হয়েছিল।
এ ছাড়া গত বছর ফ্লোরিডার ইউনিভার্সাল এপিক ইউনিভার্স থিম পার্কে দ্রুতগতির রোলারকোস্টারে চড়ার পর ৩২ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। ময়নাতদন্তে আঘাতজনিত মৃত্যুর কথা জানানো হয়েছিল। পরে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়।
জর্জিয়ার সর্বশেষ দুর্ঘটনার পর রোলারকোস্টারগুলোর নিরাপত্তা যাচাই এবং তদন্তের ফলাফলের দিকে নজর রাখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তদন্ত শেষ হলে দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে আরও তথ্য পাওয়া যেতে পারে।





















