মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৪:২২:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
স্থানীয় সময় বিকাল ৫টায় (বাংলাদেশ সময় বেলা ৩টা) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানে রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন,‘মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যাত্রা শুরু করেছে। দালিয়ানে দুইদিন কর্মব্যস্ত কর্মসূচিতে থাকবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে চীনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে।
দালিয়ানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্ম মন্ত্রী ড. জুলফিকলি হাসান।
এই সময়ে বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাই কমিশনার শাহানারা মলিকা উপস্থিত ছিলেন।
রবিবার দুই দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যান। আজ তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।























