ব্যাংকার্স ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড-এর আসন্ন নির্বাহী কমিটি নির্বাচন ২০২৬ উপলক্ষে ব্যাংকার্স ঐক্য পরিষদ প্যানেলের পরিচিতি সভা ও ইফতার মাহফিল আজ বিকেল ৩:৩০ মিনিটে রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্যানেলের সভাপতি পদপ্রার্থী মোঃ রাশেদ আকতার, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী সুবীর কুমার কুন্ডু, সহ-সভাপতি পদপ্রার্থী মোঃ মোফাজ্জল মামুন খান ও শফিকুল ইসলাম ফকির পিন্টু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী রশীদ-উন-নবী সহ বিভিন্ন পদপ্রার্থীরা উপস্থিত থেকে ক্লাব সদস্যদের সামনে নিজেদের পরিচয় ও অঙ্গীকার তুলে ধরেন। তাঁরা ক্লাবের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ এবং সদস্যকল্যাণমুখী উদ্যোগ বাস্তবায়নের সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করেন।
এছাড়াও দেশের বিভিন্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (AMD), উপ-ব্যবস্থাপনা পরিচালক (DMD) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের চারজন বিশ্ববরেণ্য ক্রিকেটার— গাজী আশরাফ হোসেন লীপু, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট ও হাসিবুল হোসেন শান্ত। তাঁরা ভবিষ্যতেও ব্যাংকার্স ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থেকে ব্যাংকারদের ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ করতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বিভিন্ন ব্যাংকে কর্মরত সম্মানিত ক্লাব সদস্যদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
প্যানেলের পক্ষ থেকে ক্লাবের ঐক্য সুদৃঢ়করণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের জন্য আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।























