লালমনিরহাটে গাছের চারা রোপণ
- আপডেট সময় : ০৪:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বিশ্বকাপ ফুটবলের প্রতিটি গোলের বিপরীতে একটি করে গাছের চারা রোপণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে লালমনিরহাটের অদম্য যুব সংগঠন। ‘একটি গোল, একটি চারা’ কর্মসূচির আওতায় বিশ্বকাপে হওয়া ৩০৮টি গোলের বিপরীতে লালমনিরহাটে ৩০৮টি গাছের চারা রোপণ করেছে সংগঠনটি।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন ও চারা রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম শিকদার। স্বাগত বক্তব্য দেন অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন।
বিশ্বকাপ শুরুর আগে অদম্য যুব সংগঠন ঘোষণা দিয়েছিল, ‘গোল হবে বিশ্বকাপে, গাছ রোপণ হবে বাংলাদেশে।’ সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছিল, বিশ্বকাপে যত গোল হবে, প্রতিটি গোলের বিপরীতে একটি করে গাছের চারা রোপণ করা হবে। বিশ্বকাপ শেষে ৩০৮টি গোল হওয়ায় সেই প্রতিশ্রুতি অনুযায়ী চারা রোপণ করা হয়।
অদম্য যুব সংগঠন জানায়, বিশ্বকাপ শুরুর আগেই ঘোষিত এ কর্মসূচি জাতীয় ও স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলে। বিভিন্ন গণমাধ্যমে উদ্যোগটির খবর প্রকাশিত হওয়ায় পরিবেশ সংরক্ষণ ও তরুণদের অংশগ্রহণ নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়।
সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন বলেন, ‘একটি গোল, একটি চারা’ শুধু একটি প্রতীকী কর্মসূচি নয়। খেলাধুলার আনন্দকে পরিবেশ সংরক্ষণের সঙ্গে যুক্ত করে তরুণ সমাজকে সবুজ বাংলাদেশ গড়ার কাজে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। বিশ্বকাপের প্রতিটি গোলের স্মৃতিকে একটি করে গাছের সঙ্গে যুক্ত করার মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা এবং তরুণদের অংশগ্রহণমূলক পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


























