বাংলা ভাষার দাবিতে আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো আজ
- আপডেট সময় : ০৩:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
মায়ের ভাষার জন্য রক্ত ও প্রাণদানের ইতিহাস জ্বলজ্বল করছে। বিশ্বের বুকে এই অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। পলাশ-শিমুল ফোটার দিনে তাইতো মন গেয়ে উঠছে- আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? একুশে ফেব্রুয়ারি- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার দাবিতে প্রাণদানের গৌরবোজ্জ্বল মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো।
বাংলা তারিখ ছিলো ৮ ফাল্গুন, ইংরেজি ২১ ফেব্রুয়ারি। ভাষার দাবিতে কিছু তরুণের বুকের তাজা রক্তে লাল হয় ঢাকার রাজপথ। আজ সেই দিনটিকে স্মরণ করার দিন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো আজ। এই দিনটিকে বাংলাদেশসহ সারা বিশ্বে যথাযথ মর্যাদায় পালিত হয়। প্রভাতফেরি সহকারে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন একুশে ফেব্রুয়ারির এক অবিচ্ছেদ্য অংশ। ধারণ করা হয় কালো ব্যাজ।
রাষ্ট্রভাষা বাংলা দাবি আদায়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১শে ফেব্রুয়ারি সারাদেশে ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো প্যারিস অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শহীদ মিনারে খালি পায়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে হাতে ফুল নিয়ে সর্বস্তরের মানুষ ভাষা আন্দোলনের সেই বীরদের শ্রদ্ধা জানায়।
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে এক মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন। পৃথিবীর ইতিহাসে বাঙালিই একমাত্র জাতি, যারা ভাষার জন্য জীবন দিয়ে, সেটি থেকে উৎসারিত জাতীয়তাবোধের বলে স্বাধীন রাষ্ট্র গঠনে সক্ষম হয়েছে।
তৎকালীন পাকিস্তান শাসনামলে বাংলা ভাষার অবস্থান নিয়ে বাঙালির মনেপ্রাণে যে ভাষাচেতনার প্রকাশ ঘটে, তারই সূত্র ধরে বিভাগোত্তর পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় ১৯৪৭ সালের নভেম্বর-ডিসেম্বরে ভাষা-বিক্ষোভ শুরু হয়। যা পাঁচ বছর পর একুশে ফেব্রুয়ারিতে চরম আকার ধারণ করে।



















