বাংলাদেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে : বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের সুবাদে আগামী দিনে বাংলাদেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ শনিবার সিলেটে জেলা আইনজীবী সমিতির নবীনবরণ অনুষ্ঠানে এবং পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় চট্টগ্রামে ৮০০ একরের একটি চাইনিজ শিল্প পার্ক স্থাপনের মন্ত্রিসভার সিদ্ধান্তের কথাও জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের সব পণ্য শুল্কমুক্ত করে দেওয়ায় বাণিজ্য ঘাটতি কমাতে চায়নিজ বিনিয়োগ বাড়ানোই এখন প্রধান কৌশল। এ ছাড়া চীন-মিয়ানমার করিডোরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টায় ট্রাকে পণ্য পৌঁছানো সম্ভব হবে। শাহজালাল মাজার কমিটির সমালোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিয়মতান্ত্রিকভাবেই এই কমিটি গঠিত হয়েছে।
এর আগে আইনজীবী সমিতির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন। একই সাথে তিনি জানান, তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন সংসদে উত্থাপন করা হয়েছে এবং মাদক অপরাধের দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে।

























