বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- আপডেট সময় : ০১:১৮:১০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও আদালতে আসা বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের প্রধান ফটকের কাছাকাছি জুডিশিয়াল ভবনের সামনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়।
ঘটনার পর বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ আদালতের বিচারকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাজিম উদ্দীন আহমেদ পান্না বলেন, অগণতান্ত্রিক কোনো শক্তি এ নাশকতার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন বলেন, যারা নাশকতার মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
অ্যাডভোকেট একেএম মীর জাহিদুল কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। আগামী ১৬ আগস্ট বরিশালে আইনমন্ত্রীর সফরের কথা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শান্ত পরিবেশকে অশান্ত করার উদ্দেশ্যে কোনো মহল এ ঘটনা ঘটিয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
বিএমপির উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, ঘটনার তদন্তে সিআইডির একটি টিম কাজ শুরু করেছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এদিকে, ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।























