বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৭ দিনমজুরের
- আপডেট সময় : ১২:৩৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ভোরের আলো ফোটার আগেই জীবিকার সন্ধানে ঘর থেকে বেরিয়েছিলেন তারা। কিন্তু কাজে যাওয়ার সেই পথই হয়ে উঠল মৃত্যুর পথ। বগুড়া-নওগাঁ মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের চাপা দিলে সাতজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে বাসটি কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়জনে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান। বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















