ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন
- আপডেট সময় : ১১:৪৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্ত ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার ক্ষমতা দিতে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৮তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
প্রস্তাবিত আইনের মূল দিকগুলো: তদন্তের দায়িত্ব: ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত আইন প্রতিপালন করে এপিবিএন সদস্যরা সরাসরি ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবেন। বিশেষ আদালত গঠন: বাহিনীটির সদস্যদের বিচারপ্রক্রিয়া ও অভ্যন্তরীণ শৃঙ্খলা নিশ্চিতে ‘বিশেষ আদালত’ এবং ‘সংক্ষিপ্ত আদালত’ গঠনের প্রস্তাব রাখা হয়েছে। অধ্যাদেশ সংস্কার: ১৯৭৯ সালের পুরনো ‘দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ বাদ দিয়ে যুগোপযোগী করে বাংলায় এই নতুন আইনটি তৈরি করা হয়েছে। দায়িত্ব ও কার্যক্ষেত্র: পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণে পরিচালিত এ ব্যাটালিয়ন জননিরাপত্তা রক্ষা, ভিআইপি নিরাপত্তা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটি চূড়ান্ত করা হয়েছে।

























