পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি, গুরুত্বপূর্ণ পদে রদবদল
- আপডেট সময় : ১২:৫১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। র্যাব, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা (এসবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ পদে এ রদবদল করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।
র্যাব ও ডিএমপিতে নতুন দায়িত্ব
এক প্রজ্ঞাপনে পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) পদে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার করা হয়েছে। পাশাপাশি এপিবিএনের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) নাজমুল আলমকে ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি) মো. রেজাউল করিমকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার
অন্য এক প্রজ্ঞাপনে এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। এর ফলে রংপুর মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদেও পরিবর্তন এসেছে।
ডিএমপির উপপুলিশ কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে পিটিসি নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি) মোহাম্মদ নূরুল আমীনকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে।
দুটি পুরোনো বদলির আদেশ বাতিল
নতুন প্রজ্ঞাপনে দুটি আগের বদলির আদেশও বাতিল করা হয়েছে। ২০২৫ সালের ১১ ডিসেম্বর জারি করা আদেশে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি পদে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
একই সঙ্গে গত ৫ মে জারি করা আদেশে ডিএমপির উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।
পিবিআই ও সিআইডিতে একাধিক পরিবর্তন
অপর এক প্রজ্ঞাপনে এপিবিএনের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. আবদুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাফর হোসেনকে সিআইডির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে এস এম রফিকুল ইসলামকে এপিবিএনের পুলিশ সুপার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রশিক্ষণ প্রতিষ্ঠানেও পরিবর্তন
পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, গাজীপুরের কমান্ড্যান্ট করা হয়েছে। একই প্রতিষ্ঠানের কমান্ড্যান্ট এস এম সিরাজুল হুদাকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিন প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলি ও পদায়ন কার্যকর করা হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পুনর্বণ্টনের অংশ হিসেবে এসব পরিবর্তন আনা হয়েছে।
























