পহেলা বৈশাখকে ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
- আপডেট সময় : ১০:১০:২১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
রাজধানীতে পহেলা বৈশাখ উদযাপনকে নিরাপদ করতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকছে কড়া নজরদারি। নিষিদ্ধ করা হয়েছে মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু এবং দাহ্য পদার্থ বহন। পাশাপাশি ফানুস উড়ানো, আতশবাজি ও শব্দদূষণ সৃষ্টি করে এমন বাঁশির ব্যবহারেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরা হয়।
পহেলা বৈশাখকে রাজধানীজুড়ে সৃষ্টি হবে উৎসবের আমেজ। তবে, আনন্দঘন এই আয়োজন নির্বিঘ্ন রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
ডিএমপি জানায়, পুরো মহানগরীকে ৯টি সেক্টর ও ১৪টি সাব-সেক্টরে ভাগ করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি, ড্রোন ও পর্যবেক্ষণ টাওয়ারের মাধ্যমে চলবে সার্বক্ষণিক নজরদারি।
রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসানো হবে ১৪টি ব্যারিকেড। প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে।
কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়েই এবারের পহেলা বৈশাখ উদযাপন হবে। আইনশৃঙ্খলা বাহিনীর আশা, উৎসবটি হবে নিরাপদ ও আনন্দমুখর।























