পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি ৭টি পাসপোর্টসহ সীমান্তে আটক
- আপডেট সময় : ১২:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১৭৮১ বার পড়া হয়েছে
দুটি কূটনৈতিকসহ মোট সাতটি পাসপোর্টসহ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটক হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক সাব্বির বিন শামস। গতকাল শনিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, দহগ্রাম সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় দেন। আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা রয়েছে এবং তিনি ভারত থেকে অবৈধ পথে দেশে এসেছিলেন। পাটগ্রাম থানার ওসি মো. নাজমুল হক জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাবেক এই ডিজিকে বর্তমানে জেলা গোয়েন্দা শাখা বা ডিবি পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।



























