নৌকা প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট
- আপডেট সময় : ১২:৪২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনের পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক ‘নৌকা’ স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে নির্বাচনি প্রতীকের তালিকায় যুক্ত করা হয়েছে ‘না’ প্রতীক। কোনো আসনে একক প্রার্থী থাকলে ওই প্রতীক ভোট দেওয়ার সুযোগ থাকবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন সচিবালয়।
নৌকা প্রতীক স্থগিত
ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮-এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করা হয়েছে।
সংশোধিত বিধান অনুযায়ী, স্থগিত থাকা প্রতীক ছাড়া ইসির নির্ধারিত অন্য প্রতীক প্রার্থিতার ভিত্তিতে বরাদ্দ করা যাবে। কমিশনের তৈরি প্রতীকের তালিকায় ‘নৌকা’ প্রতীকের পাশে ‘স্থগিত’ শব্দটি উল্লেখ করা হয়েছে।
একক প্রার্থীর ক্ষেত্রে ‘না’ ভোট
নতুন সংশোধনীতে নির্বাচনি প্রতীকের তালিকায় ‘না’ প্রতীক যুক্ত করা হয়েছে। কোনো সংসদীয় আসনে একমাত্র প্রার্থী থাকলে ভোটাররা ওই প্রার্থীর পাশাপাশি ‘না’ প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এর ফলে একক প্রার্থীর ক্ষেত্রে ভোটারদের মতামত জানানোর জন্য আলাদা একটি বিকল্প রাখা হলো।
হলফনামায় পরিবর্তন
প্রার্থীর হলফনামা দাখিলের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীলদের আয়কর-সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক থাকছে না। এসব তথ্য দেওয়া হবে ঐচ্ছিকভাবে।
এ ছাড়া হলফনামার ৩(গ) অনুচ্ছেদে ‘অভিযুক্ত’ শব্দের ব্যাখ্যাও স্পষ্ট করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ বা চার্জ গঠন করেছেন—এমন আসামিকে অভিযুক্ত হিসেবে বিবেচনা করা হবে।
জামিন ও কারাবন্দি প্রার্থীদের জন্য নিয়ম সহজ
ফৌজদারি মামলায় জামিনে থাকা প্রার্থীদের ক্ষেত্রেও নিয়ম কিছুটা সহজ করা হয়েছে। আগে আদালত থেকে জামিনের সত্যায়িত অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক ছিল। সংশোধনের পর এ ক্ষেত্রে আগের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।
অন্যদিকে, কারাগারে থাকা প্রার্থীরা জেল কর্তৃপক্ষের মাধ্যমে হলফনামাসহ প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে পারবেন।
নির্বাচনি ব্যাংক অ্যাকাউন্টে পরিবর্তন
প্রার্থীদের নির্বাচনি ব্যয় পরিচালনার ক্ষেত্রেও নতুন সুযোগ রাখা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, প্রার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি মনোনীত নির্বাচনি এজেন্টের অ্যাকাউন্টও নির্বাচনি ব্যয় নির্বাহে ব্যবহার করা যাবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সংশোধিত বিধানগুলো অবিলম্বে কার্যকর হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এসব বিধান প্রযোজ্য হবে।




















