নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রুখতেই ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৯:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের অপতৎপরতা ও নাশকতা রুখতেই ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে আজ এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠন বিভিন্ন জেলায় অপতৎপরতা ও বিশৃঙ্খলা চালাতে পারে এমন তথ্যের ভিত্তিতেই আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। তবে দেশে সামগ্রিক আইনশৃঙ্খলার কোনো অবনতি হয়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, জনগণের জানমালের সুরক্ষা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলাগুলোতে সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৮ হাজারেরও বেশি সদস্য মাঠে কাজ করছেন। এছাড়া রাজধানীজুড়ে ২০০টিরও বেশি কৌশলগত পয়েন্টে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।






















