নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত : গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা
- আপডেট সময় : ০৪:০২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
দুপুরে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসভবনসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। গণপূর্ত উপদেষ্টা জানান, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ৩৭টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া, প্রধানমন্ত্রীর বাসভবন নতুন প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ঠিক করা হবে। মিন্টো রোড, হেয়ার রোড, গুলশান এবং ধানমন্ডি এলাকায় এসব বাংলো প্রস্তুত রয়েছে। এর বাইরে আরও প্রয়োজন হলে সেগুলোও প্রস্তুত রয়েছে। আদিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর জন্য আপাতত তিনটি বাংলো বাড়ি প্রস্তুত আছে। এর একটি হলো যমুনা, আরেকটি সংসদ ভবনের পেছনে স্পিকারের বাংলো এবং অপরটি ডেপুটি স্পিকারের বাংলো। বিএনপির পক্ষ থেকে যেভাবে চাওয়া হবে সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে। আদিলুর রহমান বলেন, গণভবনের পেছনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জায়গায় প্রধানমন্ত্রীর স্থায়ী বাড়ি নির্মাণ করা হচ্ছে। সেই বাড়ি প্রস্তুতির আগে পর্যন্ত অস্থায়ীভাবে যমুনা এবং স্পিকারের বাড়ি প্রস্তুত করা হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য।



















