দিনে দিনে কমছে খেলার মাঠ, শিশুরা আসক্ত হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসে
- আপডেট সময় : ১১:৪৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
উন্মুক্ত জায়গা ভরাট আর অপরিকল্পিত নগরায়নের কারণে ময়মনসিংহে দিন দিন কমছে শিশুদের খেলার জায়গা। এতে ঘর বন্দি হয়ে ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হচ্ছে তারা। শহরের জয়নুল আবেদীন পার্কে শিশুদের খেলার জায়গা করে দিলেও সেখানেও ঝুঁকি রয়েছে খেলাধুলায়। আবার, শিশুদের বাইরে ঘুরতে নিয়ে এসেও আতঙ্কে থাকছেন অভিভাবকরা। শিশুদের স্বাভাবিক বিকাশে শিশু পার্ক নির্মাণের দাবি সামাজিক সংগঠনগুলোর।
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে প্রয়োজন খেলাধুলা। প্রকৃতি ও পরিবেশের সাথে মিশে শিখে কোমলমতি শিশুরা। কিন্তু ময়মনসিংহে শিশুদের বিনোদনের জন্য দীর্ঘদিনেও শিশু পার্ক নির্মাণ করতে পারেনি প্রশাসন।
শহরের জয়নুল আবেদিন পার্কে শিশুদের খেলার ছোট একটা জায়গা, সেটিও এখন হয়ে উঠেছে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। ভেঙে গেছে অনেক খেলনা। পানি জমে একদিকে হয়ে উঠেছে পিচ্ছিল, অন্যদিকে বেড়েছে মশাদের উপদ্রব। শিশুদের দোলনা থাকে বড়দের দখলে। পার্কের ভিতর দিয়ে অবাধে দ্রুতগতির গাড়ী আতংক ছড়ায় শিশু ও অভিভাবকদের মাঝে।
শিশুদের জন্য অনূকূল সুস্থ পরিবেশ তৈরী করতে সিটি পার্ক সংস্কারের পাশাপাশি আলাদা একটি পার্ক নির্মাণের দাবি জানান শিশুদের নিয়ে কাজ করা সংগঠনের নেতারা।
সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, শিশু পার্ক নির্মাণ বিষয়টি প্রধানমন্ত্রী বরাবর জানানো হয়েছে। দ্রুতই এনিয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।
সম্প্রতি জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন অবৈধভাবে গড়ে উঠা নাগরদোলা ভেঙে আহত হয় শিশুসহ আট জন। শিশু পার্ক নির্মাণের দ্রুত বাস্তবায়ন চায় ময়মনসিংহবাসী।

























