টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা
- আপডেট সময় : ০৩:২৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০
- / ১৬৭০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেলা ১টার দিকে তাঁর নেতৃত্বে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। জাতির পিতার সমাধি কমপ্লেক্সে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সেখানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কিছুক্ষণ পর সেখানে নবনির্বাচিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এরআগে, সকাল সাড়ে ১০টার পর শেখ হাসিনাকে বহনকারী বিশেষ হেলিকপ্টার টুঙ্গিপাড়ায় অবতরণ করে। আর সকাল ৭টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বাকি সদস্যরা ঢাকায় জাতীয় সংসদ ভবন চত্বরের মিডিয়া সেন্টারের সামনে থেকে রওনা হন। তারা সড়ক পথে ৬টি বাসে করে যাত্রা করেন টুঙ্গিপাড়ার উদ্দেশে। আওয়ামী লীগের ২১ তম কাউন্সিলে ফের সভাপতি নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনার এটাই প্রথম টুঙ্গিপাড়া সফর। এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এদিকে, টুঙ্গিপাড়ায় পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

























