জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আপডেট সময় : ০২:১৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে যান প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে ফাতেহা পাঠ করা হয়। একই সঙ্গে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। আরও ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের শীর্ষ নেতারা।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়া হলে সমাধিস্থলে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে থাকে। তারা মিছিল ও স্লোগানে জিয়া উদ্যানের সমাধি প্রাঙ্গণ মুখর করে তোলেন। এ সময় ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’ এবং ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও মহানগরে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
দুই দশক পর আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় বিএনপি এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। দলের ইতিহাসে এবারই প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর তিনি দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরে তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তাদের ছেলে তারেক রহমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন।
২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের নেতৃত্বে আসেন তারেক রহমান।
























