জাতীয় পার্টির দুর্গ খ্যাত রংপুরে ঘটেছে নাটকীয় পালাবদল
- আপডেট সময় : ০১:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির দুর্গ খ্যাত রংপুরে এবার ঘটেছে নাটকীয় পালাবদল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগের ৩৩টি আসনের একটিও পায়নি জাতীয় পার্টি। উল্টো সেই দুর্গের পূর্ণ-নিয়ন্ত্রণ নিয়েছে জামায়াতে ইসলামী। জাতীয় পার্টির কেন এমন ভরাডুবি, আর কিভাবে উত্থান ঘটলো জামায়াতের?
রংপুরে যাদের ছিল শক্ত রাজনৈতিক ঘাঁটি, সেই জাতীয় পার্টির দুর্গ এবার কার্যত তছনছ। বিভাগের ৩৩টি আসনের ফলাফলে দেখা যায়, একটিও আসনে জয় পায়নি দলটি। দীর্ঘদিনের সাংগঠনিক দুর্বলতার প্রভাব, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি ও ভোটব্যাংকের হিসেব সবই যেন উল্টে গেছে এক নির্বাচনী ঝড়ে। এখন প্রশ্ন কেন এমন ধস ?
সবচেয়ে বড় ধাক্কা এসেছে শীর্ষ নেতৃত্বে। দলের চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী দু’জনেই শেষ পর্যন্ত হেরে গেছেন বিশাল ব্যবধানে।
অন্যদিকে, উল্টো চিত্র জামায়াতে ইসলামীর। রংপুরে একসময় সীমিত প্রভাব থাকলেও এবারের নির্বাচনে সংগঠিত প্রচারণা, প্রার্থী বাছাই ও জোট কৌশলে এগিয়ে থেকে তারা দখল নিয়েছে জাতীয় পার্টির ঐতিহ্যবাহী ঘাঁটি।
বিশ্লেষকদের মতে, রংপুরে এই ফলাফল শুধু আসন পরিবর্তন নয়; এটি উত্তরাঞ্চলের রাজনীতিতে শক্তির ভারসাম্যে বড় রদবদলের ইঙ্গিত।
নিজের দুর্গে জাতীয় পার্টির শূন্য হাতে ফেরা আর জামায়াতের পূর্ণ নিয়ন্ত্রণ, উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। এখন দেখার বিষয়, এই ফলাফল ভবিষ্যৎ রাজনীতিতে কতটা প্রভাব ফেলে।



















