চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- আপডেট সময় : ০৭:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১৭৭৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি। মঙ্গলবার বিকেল ৫টায় চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বাংলাদেশের পরিবেশগত টেকসই উন্নয়ন এবং বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান আলোইস জভিংগি। এ সময় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশসহ ডেল্টা রাষ্ট্রগুলোর সুরক্ষায় ফোরামকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি আগামী ৫ বছরে বাংলাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের বিশাল পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান আরও জানান, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটাতে সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশেষ কর-সুবিধা দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের এসব পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করে আলোইস জভিংগি একে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় বলে উল্লেখ করেন এবং প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ডের ডাভোসে ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























