বার্সা-আর্সেনালের আগ্রহ পেছনে ফেলল
ক্রিস্টিয়ান রোমেরোকে দলে নিল অ্যাতলেটিকো
- আপডেট সময় : ০২:০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
দলবদলের বাজারে বড় চমক দেখাল অ্যাতলেটিকো মাদ্রিদ। নতুন মৌসুম শুরুর আগেই রক্ষণভাগ শক্তিশালী করতে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি।
অ্যাতলেটিকো জানিয়েছে, টটেনহ্যাম হটস্পার থেকে রোমেরোকে ২০৩১ সাল পর্যন্ত চুক্তিতে দলে নিয়েছে তারা। আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী ডিফেন্ডারকে কিনতে ক্লাবটির খরচ হয়েছে প্রায় ৪০ মিলিয়ন ইউরো (৩৫ মিলিয়ন ইউরো মূল ফি ও ৫ মিলিয়ন ইউরো বোনাস)।
চলতি দলবদল মৌসুমে এটি অ্যাতলেটিকোর চতুর্থ বড় চুক্তি। কোচ দিয়েগো সিমিওনে দীর্ঘদিন ধরেই রক্ষণে একজন শক্তিশালী নেতা খুঁজছিলেন। রোমেরোর আগ্রাসী ডিফেন্ডিং, শারীরিক সক্ষমতা ও নেতৃত্বগুণের কারণে তাকে দলে আনার ব্যাপারে আগ্রহী ছিলেন তিনি।
গত মৌসুমেও রোমেরোকে দলে নিতে চেয়েছিল অ্যাতলেটিকো। তবে টটেনহ্যামের চাহিদা অনুযায়ী অর্থ দিতে না পারায় সেই চেষ্টা সফল হয়নি। এবার পরিস্থিতি বদলে যায় এবং শেষ পর্যন্ত মাদ্রিদের ক্লাবটিই জয়ী হয়।
অ্যাতলেটিকোতে যোগ দেওয়ার আগে রোমেরোর প্রতি আগ্রহ দেখিয়েছিল ইউরোপের আরও কয়েকটি বড় ক্লাব। বার্সেলোনা ও আর্সেনালও আর্জেন্টাইন এই সেন্টার-ব্যাককে দলে ভেড়ানোর দৌড়ে ছিল। তবে শেষ পর্যন্ত সিমিওনের প্রকল্পই তাকে স্পেনে নিয়ে আসে।
টটেনহ্যামের হয়ে পাঁচ মৌসুম কাটানোর পর বিদায় নিয়েছেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার। স্পার্সের হয়ে তিনি অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এবং ইউরোপা লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।


























