কুমিল্লায় কিশোর অপরাধকে ‘না’ বলার শপথ
- আপডেট সময় : ০৪:৫৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫২২ বার পড়া হয়েছে
কুমিল্লার লালমাই উপজেলায় ব্যতিক্রমী আয়োজনে মায়ের হাতে হাত রেখে মাদক ও কিশোর অপরাধকে ‘না’ বলার শপথ নিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিশন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে ‘কথা দিলাম মা’ শীর্ষক অনুষ্ঠানে এ শপথ গ্রহণ করে তারা।
স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা চরিত্র গঠন, মাদকবিরোধী সচেতনতা এবং কিশোর অপরাধ প্রতিরোধে অঙ্গীকার করে।
মায়ের হাতে হাত রেখে শপথ
অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ পাঠ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। এ সময় শিক্ষার্থীরা নিজেদের মায়ের হাতে হাত রেখে কখনো কিশোর অপরাধে জড়াবে না এবং মাদক থেকে দূরে থাকবে বলে অঙ্গীকার করে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের চেয়ারম্যান ডা. কাজী মো. বাকের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লাল সবুজ উন্নয়ন সংঘের উপদেষ্টা মো. হাবিবুর রহমান স্বপন, সিনিয়র সাংবাদিক প্রদীপ মজুমদার, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমরান হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ এবং সদস্য সাইফুল, আশিক ও ইফতি।
৬৪ জেলায় সচেতনতামূলক কার্যক্রম
লাল সবুজ উন্নয়ন সংঘ জানায়, দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে সংগঠনটি। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনটির সদস্যরা প্রতি মাসে এক দিনের টিফিনের টাকা সঞ্চয় করেন।
সংগঠনের দাবি, গত ১৫ বছরে সারা দেশে ৪৬ লাখের বেশি শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। এর মাধ্যমে মাদক, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবারের ‘কথা দিলাম মা’ অনুষ্ঠানটি ছিল লাল সবুজ উন্নয়ন সংঘের ১ হাজার ৯৫৩তম সচেতনতামূলক কর্মসূচি।






















