এসএসসি ফলে পাসের হার ও জিপিএ-৫—দুই দিকেই এগিয়ে মেয়েরা
- আপডেট সময় : ১১:৪৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫২৩ বার পড়া হয়েছে
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত ফলে দেখা গেছে, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডের কোনো একটিতেও পাসের হার ও জিপিএ-৫ অর্জনে ছেলেরা মেয়েদের ছাড়িয়ে যেতে পারেনি।
এবার জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী রয়েছেন ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ছিল ৭৩ হাজার ৬১৬ জন এবং ছাত্র ছিল ৬৫ হাজার ৪১৬ জন।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ, আর ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে ৮ দশমিক ৮২ শতাংশ।
বোর্ডভিত্তিক ফলাফল বিশ্লেষণেও একই চিত্র দেখা গেছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মেয়েদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ, যেখানে ছেলেদের পাসের হার ৫৯ দশমিক ৭৩ শতাংশ।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে ছেলেদের পাসের হার ৫১ দশমিক ৬৪ শতাংশের বিপরীতে মেয়েদের পাসের হার ৫৯ দশমিক ৮৯ শতাংশ। আর কারিগরি শিক্ষা বোর্ডে ছেলেদের পাসের হার ৫১ দশমিক ১৪ শতাংশ হলেও মেয়েদের পাসের হার ৬৭ দশমিক ৮৪ শতাংশ।
ফলে এসএসসি ও সমমানের পরীক্ষায় এবারও ফলাফলের দুই গুরুত্বপূর্ণ সূচক—পাসের হার ও জিপিএ-৫ অর্জনে মেয়েদের আধিপত্য দেখা গেছে।

























