একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারেজ প্রকল্প
- আপডেট সময় : ০৬:০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩৩ হাজার ৪৭৪ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প অনুমোদন দেয়া হয়।
২০২৬ সালের জুলাই থেকে ২০৩৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সরকার বলছে, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে স্বাদু পানির প্রবাহ নিশ্চিত করা সম্ভব হবে। এতে কমবে লবণাক্ততা, প্রাণ ফিরে পাবে মৃতপ্রায় নদী, পাশাপাশি কৃষি, মৎস্য, নৌ-চলাচল ও পরিবেশে আসবে ইতিবাচক পরিবর্তন। সংশ্লিষ্টদের মতে, দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ সরাসরি উপকৃত হবে এ প্রকল্প থেকে।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ফারাক্কা ব্যারেজের কারণে দীর্ঘদিন ধরেই পদ্মা ও আশপাশের নদীগুলোর পানিপ্রবাহ কমে গেছে। সেই প্রভাব মোকাবিলায় পদ্মা ব্যারেজকে বড় উদ্যোগ হিসেবে দেখছে সরকার। তবে চলতি বছরের শেষে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়াকে কেন্দ্র করে নতুন করে ভূ-রাজনৈতিক আলোচনা সামনে আসতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।























