আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি
- আপডেট সময় : ১২:০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ১৫০৩ বার পড়া হয়েছে
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
মেসি জানান, দীর্ঘ সময় ভাবার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় দলের হয়ে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
জাতীয় দলের জার্সির প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরে মেসি বলেন, ‘আমি ভালোবাসতাম, ভালোবাসি এবং সারাজীবন জাতীয় দলে থাকাকে ভালোবাসব।’ তবে তিনি মনে করেন, এখনই সরে দাঁড়ানোর সঠিক সময়।
তিনি আরও জানান, জাতীয় দলে এখন অনেক তরুণ ও প্রতিভাবান ফুটবলার উঠে আসছেন। তাদের জন্য জায়গা তৈরি করাও তাঁর সিদ্ধান্তের অন্যতম কারণ।
দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি আর্জেন্টিনার হয়ে অসংখ্য সাফল্য অর্জন করেছেন। এই সময়ে পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ভক্তদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি। মাঠ থেকে সমর্থকদের সম্মিলিত কণ্ঠ তিনি খুব মিস করবেন বলে উল্লেখ করেন। তবে ভবিষ্যতে মাঠের বাইরে থেকে আর্জেন্টিনাকে সমর্থন ও উৎসাহ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
জাতীয় দলের হয়ে মেসির ক্যারিয়ারে ছিল নানা উত্থান-পতন। দীর্ঘ অপেক্ষার পর তিনি সতীর্থদের সঙ্গে আর্জেন্টিনাকে একাধিক বড় শিরোপা এনে দেন। বিশ্বকাপ জয়ের মাধ্যমে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্নও পূরণ হয়।
শেষে আবেগঘন বার্তায় মেসি বলেন, আর্জেন্টাইন হিসেবে জন্ম নেওয়ার জন্য তিনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। তাঁর বিদায়ের ঘোষণায় বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আবেগ ও আলোচনা।











