৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে ঘোষণা
- আপডেট সময় : ১২:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
বছরের পর বছর অনিয়ম ও আর্থিক সংকটে থাকা চার আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অবসায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের জন্য আমানত ফেরত স্কিম চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে। অবসায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এসব প্রতিষ্ঠানের সম্পদের মূল্যায়নের ভিত্তিতে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।
আমানত ফেরতের আওতায় রয়েছে আবিবা, ফারিস্ট, এফএস ফাইনান্স ও ইন্টারন্যাশনাল লিজিং। এসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের পর এখন গ্রাহকদের অর্থ ফেরতের পরিকল্পনা চূড়ান্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের অনুমোদন ও প্রয়োজনীয় তহবিল পাওয়ার পর ধাপে ধাপে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া শুরু হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, পাঁচ ব্যাংকের জন্য যেভাবে স্কিম করা হয়েছিল, সেই আদলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যও একটি পৃথক স্কিম তৈরি করা হচ্ছে। সরকারের কাছ থেকে অর্থ পাওয়ার পর স্কিমটি ঘোষণা করা হবে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী আমানত ফেরত দেওয়া হবে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ১০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আমানতকারীরা পুরো অর্থ ফেরত পাবেন। ২০ লাখ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে প্রথম ধাপে ৯০ শতাংশ এবং ৩০ লাখ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে ৮৫ শতাংশ অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমানতের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে ফেরতের হার কমতে পারে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, স্কিমে পুরো সময়সূচি উল্লেখ থাকবে। কারা কত শতাংশ অর্থ প্রথম ধাপে পাবেন, বাকি অর্থ কখন ও কীভাবে পরিশোধ করা হবে—সব বিষয় সেখানে বিস্তারিত থাকবে।
বিআইডিএসের সাবেক মহাপরিচালক এম কে মুজেরি বলেন, আমানতকারীদের অর্থ ফেরতের ব্যবস্থা করেই অদক্ষ প্রতিষ্ঠানগুলোকে অবসায়নের প্রক্রিয়া শেষ করতে হবে।





















