২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০১:০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর রাত ১১টায় নিউইয়র্ক সময় এমিরেটস এয়ারলাইনসের ইকে২০২ ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন প্রধানমন্ত্রী। এরপর ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
দুবাইয়ে ছয় ঘণ্টার ট্রানজিট
দুবাইয়ে প্রায় ছয় ঘণ্টা ট্রানজিট শেষে ২৭ সেপ্টেম্বর রাত ২টায় স্থানীয় সময় এমিরেটসের ইকে৫৮২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।
ফ্লাইট সূচি অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর কর্মসূচি
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর থেকে। এদিন তিনি জাতিসংঘ মহাসচিবের আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্বাগত প্রাতঃরাশে অংশ নেবেন। পাশাপাশি অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান এবং মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
২৩ সেপ্টেম্বর বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। একই দিন জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক বৈষম্য মোকাবিলাসহ বিভিন্ন উচ্চপর্যায়ের সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বগত হুমকি মোকাবিলা বিষয়ক উচ্চপর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। একই দিন জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে বক্তব্য
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের আয়োজনে দুটি গুরুত্বপূর্ণ সাইড ইভেন্টেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।
২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট বিষয়ক সাইড ইভেন্টে তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা চাইবেন।
এছাড়া ২৪ সেপ্টেম্বর মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং মিডওয়াইফারি বিষয়ক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সেখানে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সরকারের উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক
জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি কয়েকটি দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর মধ্যে পাকিস্তান, থাইল্যান্ড ও কুয়েতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এসব বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এছাড়া জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক ও সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
বিনিয়োগ ও অর্থনৈতিক কূটনীতিতে গুরুত্ব
নিউইয়র্ক সফরে অর্থনৈতিক কূটনীতিকেও গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। এ অংশ হিসেবে ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
এসব আলোচনায় বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, উৎপাদন, অবকাঠামো ও প্রযুক্তি খাতের সম্ভাবনা তুলে ধরা হবে। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং তরুণদের জন্য মানসম্পন্ন কর্মসংস্থান তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক ছাড়বেন প্রধানমন্ত্রী। এরপর দুবাই হয়ে ২৭ সেপ্টেম্বর সকালে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

























