১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা
- আপডেট সময় : ১২:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী নিজ নিজ হিসাব থেকে টাকা তুলতে পারবেন। একই সঙ্গে আমানতের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক জানায়, গত ২৯ ডিসেম্বর ২০২৫ ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং জরুরি প্রয়োজন মেটাতে নতুন এই সুবিধা দেওয়া হচ্ছে।
ফলে ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল টাকা প্রয়োজন অনুযায়ী তুলতে পারবেন। চলমান স্কিমের নির্ধারিত বিধিনিষেধের বাইরে থেকেও এ টাকা উত্তোলন করা যাবে। এ জন্য ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
মুনাফায় থাকবে না কোনো কর্তন
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ করা হবে না। অর্থমন্ত্রীও এর আগে জাতীয় সংসদে বিষয়টি ঘোষণা করেছিলেন। তবে এ নিয়ে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি থাকায় সবাইকে বিষয়টি স্পষ্টভাবে জানাতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন গভর্নর।
প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংকটিকে দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর তাগিদও দেওয়া হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















