১৭ বছর পর লর্ডসে বাংলাদেশ টেস্ট
- আপডেট সময় : ১২:১৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৭১ বার পড়া হয়েছে
দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। তবে ম্যাচের প্রায় আট মাস আগেই শুরু হয়েছে টিকিট পাওয়ার লড়াই।
‘হোম অব ক্রিকেট’খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর টিকিটের জন্য সাধারণ দর্শকদের ব্যালট উন্মুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ক্রিকেটপ্রেমীরা আগামী গ্রীষ্মে লর্ডসে অনুষ্ঠিত ম্যাচগুলোর টিকিট পাওয়ার সুযোগ পাবেন।
২৬ অক্টোবর পর্যন্ত চলবে ব্যালট
লর্ডসের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, টিকিটের ব্যালটে অংশ নেওয়া যাবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত। এরপর নভেম্বরের শুরুতে নির্বাচিত দর্শকদের ই-মেইলের মাধ্যমে ফল জানানো হবে।
প্রথম ধাপে টিকিট কেনার সুযোগ পাওয়া দর্শকদের ১৭ নভেম্বরের মধ্যে টিকিট কিনতে হবে। আর সাধারণভাবে সবার জন্য টিকিট বিক্রি শুরু হবে ১০ ডিসেম্বর থেকে।
১৭ বছর পর লর্ডসে বাংলাদেশ
বাংলাদেশের জন্য এই সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে। সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই সফরের পর লর্ডসে আর টেস্ট খেলার সুযোগ হয়নি টাইগারদের।
২০২৭ সালে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ঐতিহাসিক এই মাঠে নামবে বাংলাদেশ দল।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজ হয়েছিল ২০১৬ সালে। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের ওই সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল। এরপর টেস্টে আর মুখোমুখি হয়নি দুই দল।
লর্ডসে তামিমের স্মরণীয় সেঞ্চুরি
লর্ডসের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের রয়েছে বিশেষ স্মৃতি। ২০১০ সালের সফরে এই মাঠেই টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল।
মাত্র ৯৪ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান বাংলাদেশের সাবেক এই ওপেনার। তার সেই সেঞ্চুরি লর্ডসে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে আছে।
তামিম এখন আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এবার সেই লর্ডসেই আবারও টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ফলে ম্যাচকে ঘিরে ক্রিকেটীয় উত্তেজনার পাশাপাশি ফিরে আসছে পুরোনো স্মৃতিও। আর সেই ম্যাচের টিকিটের লড়াই শুরু হয়ে গেল প্রায় আট মাস আগেই।

























