১৬ মে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ১২:০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর মাত্র চার মাসের মাথায় দলীয় প্রধানের এই সফর ঘিরে চাঁদপুরে বইছে উৎসবের আমেজ। জেলা প্রশাসন ও জেলা বিএনপি ইতিমধ্যে সফরের সব প্রস্তুতি শেষ করেছে। প্রধানমন্ত্রীর হাত ধরে এবার বড় কোনো উন্নয়ন প্রকল্পের ঘোষণা আসবে—এমনটিই প্রত্যাশা চাঁদপুরবাসীর।
পদ্মা, মেঘনা, ডাকাতিয়া ও ধনাগোদা নদীবেষ্টিত জেলা চাঁদপুর। তিন নদীর এই অনন্য মিলনস্থল পর্যটনের জন্য অপার সম্ভাবনাময়। অথচ যুগ যুগ ধরে অবহেলিত এই জেলার পর্যটন খাত। নদী ভাঙন এখানকার মানুষের নিত্যদিনের সঙ্গী। এর সাথে যোগ হয়েছে দীর্ঘদিনের কর্মসংস্থান সংকট। বন্ধ হয়ে আছে দেশের দুটি বড় পাটকল। ফলে বেকারত্ব দূর করতে এখানে একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপন এখন সময়ের দাবি।
রাজধানীর পাশের জেলা হলেও ঢাকার সাথে উন্নত সড়ক যোগাযোগ এখনো অধরা। জেলায় মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকলেও নেই নিজস্ব ক্যাম্পাস বা অবকাঠামো। চাঁদপুরবাসীর দীর্ঘদিনের এই প্রাণের দাবিগুলো এখন প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপের অপেক্ষায়।
এদিকে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। তবে এই সফরে থাকছে ভিন্নতা; প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানালেও শহরজুড়ে দেখা মেলেনি তোরণ, গেইট বা অতিরিক্ত ফেস্টুনের। জাঁকজমকের চেয়ে কাজের গুরুত্বই এখানে বেশি। সফরকালে প্রধানমন্ত্রী খাল পুনঃখনন ও ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন মতবিনিময় সভায় অংশ নেবেন।
ক্ষমতায় আসার মাত্র চার মাসের মাথায় প্রধানমন্ত্রীর এই সফর। স্থানীয়দের বিশ্বাস, এই সফরের মাধ্যমেই চাঁদপুরের উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে শুরু হবে এক নতুন কর্মযজ্ঞ।

























