সোনাগাজীতে দুই মাদকসেবীকে আটক করে পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা
- আপডেট সময় : ০৩:৫৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজীতে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের বক্তারমুন্সী বাজারের দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরা একটি পুকুর পরিষ্কারের কাজে নামিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা সংলগ্ন জসিম ব্রিকস ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুই ব্যক্তি হলেন সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের কালা সর্দার বাড়ির দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ সাকিব (৪০) এবং আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আব্দুল হাদির ছেলে জাহেদ আলম (৩৮)।
মাদক সেবনের অভিযোগে আটক
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জসিম ব্রিকস ফিল্ড এলাকায় ওই দুই ব্যক্তি মাদক সেবন করছেন—এমন খবর পান স্থানীয়রা। পরে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারের নেতৃত্বে স্থানীয় কয়েকজন সেখানে যান।
এ সময় তাদের আটক করে বক্তারমুন্সী বাজারে নিয়ে আসা হয়। পরে স্থানীয়দের সিদ্ধান্ত অনুযায়ী বাজারের দীর্ঘদিন অপরিষ্কার থাকা একটি পুকুর পরিষ্কারের কাজে তাদের নিয়োজিত করা হয়।
সচেতনতা তৈরির উদ্যোগ
স্থানীয়রা জানান, এলাকায় মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অংশ হিসেবে তাদের আটক করা হয়। পরে আইনগত শাস্তির পরিবর্তে স্থানীয়ভাবে সচেতনতা তৈরির উদ্দেশ্যে তাদের দিয়ে পুকুরটি পরিষ্কার করানো হয়।
তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে পুকুরটিতে ময়লা-আবর্জনা জমে ছিল। স্থানীয়দের এমন উদ্যোগের মাধ্যমে একদিকে পুকুরটি পরিষ্কার হয়েছে, অন্যদিকে মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক বার্তাও দেওয়া হয়েছে।
সাবেক চেয়ারম্যানের বক্তব্য
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার বলেন, দুই ব্যক্তি ব্রিকস ফিল্ডে গাঁজা সেবন করছেন—এমন খবর পেয়ে তিনি স্থানীয়দের নিয়ে সেখানে যান। পরে তাদের আটক করা হয়।
তিনি বলেন, স্থানীয়দের পরামর্শে তাদের দিয়ে বক্তারমুন্সী বাজারের দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরা পুকুরটি পরিষ্কার করানো হয়েছে।
দাউদুল ইসলাম মিনার আরও বলেন, ওই দুই ব্যক্তি এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। জামিনে বের হওয়ার পর তারা আবার একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলেও তিনি দাবি করেন।
এ কারণে এবার স্থানীয়দের পরামর্শে তাদের দিয়ে পুকুর পরিষ্কার করানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে মাদক সেবন না করার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।


























