‘সমস্ত প্রশংসা আল্লাহর’, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প
- আপডেট সময় : ০১:৪৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে কৌশলগত হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
ট্রাম্প লিখেছেন, ‘হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমার মনে হয়, আমরা এটি ধরে রাখব!’ পোস্টের শেষে তিনি লেখেন, ‘সমস্ত প্রশংসা আল্লাহর’।
এর আগের দিন সাংবাদিকদেরও একই ধরনের মন্তব্য করেন ট্রাম্প। ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, এটিকে ‘ইস্পাতের দেয়াল’ বলা হচ্ছে এবং এর বিরুদ্ধে ইরানের কিছু করার নেই।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের এখন কার্যত কোনো নৌবাহিনী বা বিমানবাহিনী নেই এবং দেশটির সেনাদের বেতন দেওয়ার মতো সামর্থ্যও নেই। তার ভাষ্য, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে।
তবে ট্রাম্পের দাবির মধ্যেও হরমুজ প্রণালিতে ইরানের প্রভাব অব্যাহত রয়েছে। জলপথটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর শান্তি আলোচনা কার্যত স্থবির হয়ে আছে।
ইরান জানিয়েছে, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং জব্দ করা সম্পদ অবমুক্ত না করা পর্যন্ত হরমুজে স্বাভাবিক জাহাজ চলাচল পুরোপুরি চালু হতে দেওয়া হবে না।
রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র আটটি জাহাজ পার হয়েছে। যুদ্ধের আগে প্রতিদিন এই জলপথ দিয়ে প্রায় ১৩০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করত। কেপলারের তথ্য অনুযায়ী, আগের ১০ দিনে দৈনিক গড় জাহাজ চলাচল ছিল প্রায় ১২টি।
এদিকে সংঘাতের প্রভাব পড়ছে বাব আল-মান্দাব প্রণালিতেও। ইয়েমেনের হুতিরা সেখানে জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। মঙ্গলবার মিশরীয় মালিকানাধীন একটি জাহাজে হামলায় ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
তথ্যসূত্র: আল জাজিরা



























