সংলাপে বিএনপির জন্য অপেক্ষা করবে ইসি : সিইসি
- আপডেট সময় : ০৭:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
রাজনৈতিক দলগুলোর সংলাপে বিএনপি’র জন্য অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ শেষে সিইসি আরো বলেন, এ পর্যন্ত সংলাপে অংশ নেয়া পার্টিগুলোর মনোভাব ইতিবাচক। ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা চেয়েছেন তারা।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে, দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে চতুর্থ দিনের অংশ নেয় গণতন্ত্রী পার্টি। তবে পূর্ব নির্ধারিত সময়সূচি থাকলেও এতে অংশ নেয়নি ন্যাপ ও বিএনপি।
সংলাপে জাতীয় নির্বাচনে পেশি শক্তি ও কালো টাকার ব্যবহার বন্ধ,ভোটাধিকার নিশ্চিত করাসহ বেশকয়েকটি সুপারিশ তুলে ধরে গণতন্ত্রী পার্টি।
সংলাপ শেষে সিইসি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আইন-কানুন এবং সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করবে ইসি।
বিএনপি’ সংলাপে না আসার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি এখন না আসলেও শেষ পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করবে নির্বাচন কমিশন।
সংলাপ শেষ হলে সারবস্তু অবহিত করা হবে বলেও জানান সিইসি।



























