চলছে ক্লাস-পরীক্ষা
সংঘর্ষের পর স্বাভাবিক নোবিপ্রবি
- আপডেট সময় : ০১:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও বহিরাগতদের প্রবেশের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির পর এখন স্বাভাবিক রয়েছে ক্যাম্পাসের পরিবেশ। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে নিয়মিত ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম চলছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল দেখা গেছে। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আড্ডা ও দৈনন্দিন কার্যক্রমে অংশ নিতে দেখা যায়। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে হলের সিট দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের অভিযোগ ওঠে।
সংঘর্ষে এক সাংবাদিকসহ অন্তত ৯ জন আহত হন। পরে শিক্ষার্থীরা কয়েকজন বহিরাগতকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেন। একজন বহিরাগতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা বাড়ানো হয়। নিরাপত্তার অংশ হিসেবে কয়েকটি পকেট গেট বন্ধ রাখা হয় এবং ভাষা শহীদ আব্দুস সালাম হল ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলে প্রবেশের সময় পরিচয় নিশ্চিত করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রয়েছে।






















