রোহিঙ্গাদের পক্ষে ভোট না দেওয়ার কারণ জানাল যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ১১:৫০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
জাতিসংঘ সাধারণ পরিষদের থার্ড কমিটিতে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আনা প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে যুক্তরাষ্ট্র। তবে এ সিদ্ধান্তের পেছনে রোহিঙ্গাদের প্রতি সমর্থনের অভাব নয়, বরং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এখতিয়ারসংক্রান্ত আপত্তিকে কারণ হিসেবে দেখিয়েছে ওয়াশিংটন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত বক্তব্যে যুক্তরাষ্ট্রের এ অবস্থানের কথা জানা গেছে।
স্থানীয় সময় বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রস্তাবে ভোটদানের ব্যাখ্যা দেন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে (ইকোসক) নিযুক্ত মার্কিন প্রতিনিধি রাষ্ট্রদূত ড্যান নেগ্রিয়া।
আইসিসির এখতিয়ার নিয়ে আপত্তি
ড্যান নেগ্রিয়া বলেন, প্রস্তাবের বর্তমান খসড়া যুক্তরাষ্ট্র সমর্থন করতে পারেনি। তবে এর অর্থ মিয়ানমারের পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনের অবস্থানের পরিবর্তন নয়।
তিনি জানান, প্রস্তাবের ভূমিকা অংশের ৩৫ নম্বর অনুচ্ছেদ এবং কার্যকরী অংশের ২ নম্বর অনুচ্ছেদে আইসিসির মাধ্যমে বিষয়টি সমাধানের যে কথা বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মূলত তার বিরোধিতা করছে।
মার্কিন প্রতিনিধির ভাষ্য অনুযায়ী, ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকেই আইসিসি এমন রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, যারা রোম সংবিধির পক্ষভুক্ত নয় বা আদালতের এখতিয়ার মেনে নেয়নি।
এ বিষয়ে দুই দশকেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্র যে আপত্তি জানিয়েছিল, তা এখনো বহাল রয়েছে। পাশাপাশি আদালতটির ক্ষমতার অপব্যবহারের আশঙ্কাও সত্য প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
প্রস্তাব ক্ষতিগ্রস্ত হওয়ায় দুঃখ প্রকাশ
ড্যান নেগ্রিয়া বলেন, একটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে বিতর্কের কারণে গুরুত্বপূর্ণ এই প্রস্তাব ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য যুক্তরাষ্ট্র দুঃখিত।
তবে ভোটদানে বিরত থাকার অর্থ রোহিঙ্গা ও মিয়ানমারের জনগণের প্রতি সমর্থন প্রত্যাহার নয় বলে স্পষ্ট করেন তিনি।
রোহিঙ্গাদের প্রতি সমর্থন অব্যাহত
বিবৃতিতে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে চলমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার মানুষসহ মিয়ানমারের সাধারণ জনগণের প্রতি সমর্থনও পুনর্ব্যক্ত করেছে দেশটি।
এ ছাড়া বিপুলসংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেছে ওয়াশিংটন। একই সঙ্গে মিয়ানমারের শরণার্থীদের আশ্রয় দেওয়া আঞ্চলিক দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে যুক্তরাষ্ট্র।




















