রাষ্ট্র চাপাবাজিতে ব্যস্ত, নেতারা লুটপাটে: ড. হামিদুর রহমান আযাদ
- আপডেট সময় : ১২:০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, রাষ্ট্র তরুণ সমাজের দায়িত্ব নেওয়ার বদলে বক্তৃতা ও চাপাবাজিতে ব্যস্ত রয়েছে। অন্যদিকে দলীয় নেতারা দাঙ্গাবাজি, চাঁদাবাজি ও লুটপাটে ব্যস্ত থাকায় যুব সমাজ নিয়ে কাজ করার সময় নেই।
বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত যুব র্যালিতে তিনি এসব কথা বলেন।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, দেশের তরুণরা মেধাবী, পরিশ্রমী ও দেশপ্রেমিক। অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তরুণরাই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। তবে সেই স্বপ্ন বাস্তবায়নে সংস্কারের কোনো বিকল্প নেই।
তিনি দাবি করেন, মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে। পাশাপাশি তরুণদের কর্মসংস্থান, কর্মমুখী শিক্ষা ও মেধার বিকাশের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
জামায়াতের এই নেতা বলেন, দেশের অনেক মেধাবী তরুণ বিদেশে চলে যাচ্ছে, কারণ দেশে তাদের যোগ্য মূল্যায়ন ও গবেষণার সুযোগ নেই। তরুণদের সুযোগ দিতে পারলে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখল ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। তরুণদের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ও সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।























