যুদ্ধ পরিস্থিতির কারণে দ্বিগুণ দামে এলএনজি ও তেল কিনতে হচ্ছে : বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৯:২৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির বাজার অস্থির হয়ে ওঠায় দ্বিগুণ দামে এলএনজি গ্যাস ও তেল কিনতে হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় একথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতিতে রাসায়নিক সারও প্রায় দ্বিগুণ দরে কিনতে হচ্ছে। নূর উদ্দিন খানের প্রতিবেদন।
সোমবার রাজধানীর একটি হোটেলে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এতে যোগ দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।
অনুষ্ঠানে বিনিয়োগ বান্ধব পরিবেশ ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি ব্যাংক নির্ভরশীলতা কমিয়ে পুঁজিবাজারের সক্ষমতা বাড়ানোর দাবি জানান বক্তারা।
এসময় জ্বালানীসহ সকল আমদানিতে খরচ বাড়ায় সরকারের আর্থিক ব্যবস্থাপনায় ঘাটতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী বলেন, জিডিপির তুলনায় রাজস্ব আদায়ের হার দীর্ঘদিন ধরেই নিম্নমুখী। ফলে সরকারের মোট আয় কাঙ্ক্ষিত হারে না বাড়লেও ব্যয় বাড়ছে, বিশেষ করে ভর্তুকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও কৃষি খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দেয়ার কারণে সরকারের উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দকৃত তহবিল ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।





















