যশোর থেকে রাজঘাট পর্যন্ত ৩৪টি অরক্ষিত রেল ক্রসিং এখন দুর্ঘটনার ফাঁদ
- আপডেট সময় : ০৪:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৫৭০ বার পড়া হয়েছে
যশোর-অভয়নগরের রাজঘাট পর্যন্ত রেলপথের ৩৪টি অরক্ষিত ক্রসিং এখন দুর্ঘটনার ফাঁদ। গেট ও গেটম্যানবিহীন এসব লেভেল ক্রসিংয়ে প্রায়ই দুর্ঘটনায় ঘটছে প্রাণহানী। এ রেলপথের ৪৫টি রেলক্রসিংয়ের মধ্যে নিরাপত্তাহীন ৩৪টিতে অবিলম্বে স্থায়ীভাবে গেট ও গেটম্যান নিয়োগের দাবি ক্রসিং ব্যবহাকারীদের।
যশোর জেলার ৪৮ কিলোমিটার রেলপথের মধ্যে সবচেয়ে বেশি অরক্ষিত ও অনুমোদনহীন ২৯টি লেভেল ক্রসিং অভয়নগরে অবস্থিত। এরমধ্যে নওয়াপাড়া গার্লস স্কুল রোড, আকিজ জুট মিল, ভৈরব সেতু রোড, বালিয়াডাঙ্গা সবচেয়ে বেশি যানবাহন ও জনসাধারণ চলাচলকারী লেভেল ক্রসিং।
এসব লেভেল ক্রসিংয়ে একদিকে যেমন গেটম্যান নেই, অন্যদিকে নেই কোন সাংকেতিক চিহ্ন। রাখা হয়নি কোন নিরাপত্তামূলক ব্যবস্থা। এ কারণে এসব উন্মুক্ত লেভেল ক্রসিং দিয়ে যানবাহন ও জনসাধারণ পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। এছাড়া স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মিল শ্রমিক ও পথচারিররা জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করে। গত ৫ বছরে এসব অরক্ষিত রেলক্রসিংয়ের ২৬টির মতো দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণহানী ও পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে।
অবিলম্বে গেটম্যানবিহীন লেভেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগসহ নিরাপত্তায় মজবুত ও কার্যকরী গেট ও প্রয়োজনীয় সাংকেতিক চিহ্ন স্থাপনের দাবি দুর্ঘটনাপ্রবণ লেভেল ক্রসিং ব্যবহারকারীদের।
অনুমোদিত ও অরক্ষিত লেভেলক্রসিং ঝুঁকিপূর্ণ উল্লেখ করে দুর্ঘটনা রোধে ওইসব স্থানে গেটম্যান নিয়োগের কথা জানিয়েছেন এই রেল কর্মকর্তা।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের তথ্যানুযায়ী, যশোরাংশের রেলপথে ২৩৩টি রেলক্রসিং রয়েছে। এরমধ্যে ১৪৩টিতে গেটম্যান নেই। আর ৩৬টি ব্যক্তিস্বার্থে গড়ে তোলা অনুনমোদিত।
























