ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাড়ি-ঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ
- আপডেট সময় : ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী আনোয়ার হোসেন (২৩) এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, ক্ষেতের আইল ভেঙে পানি ও কচুরিপানা প্রতিপক্ষের জমিতে যাওয়াকে কেন্দ্র করে বুধবার (৫ আগস্ট) অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় পুকুরে গোসলরত আনোয়ারকে পানির নিচে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। তাকে উদ্ধার করতে গেলে তার ছোট ভাই নজরুল ইসলামসহ পরিবারের সদস্যদের মারধর করা হয়। হামলার সময় নারীদের শ্লীলতাহানি এবং ঘরবাড়ি ও একটি অটোরিকশা ভাঙচুরেরও অভিযোগ করা হয়েছে।
অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।























