মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থ রক্ষাকে গুরুত্ব দেয়া হয়েছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থ রক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেট অধিবেশনে তিনি বলেন, সফরে অর্জিত সাফল্য কোনো ব্যক্তি বা সরকারের নয়, এটি পুরো বাংলাদেশের এবং এ দেশের মানুষের অর্জন। এ সময় সংসদ সদস্যদের সহযোগিতার জন্যও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। অন্যদিকে,এই সফরের মাধ্যমে কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংসদ সদস্যরা।
শনিবার বেলা ১১টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে বসে বাজেট অধিবেশন। অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় নিজের সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে কথা বলেন সরকার প্রধান। তিনি বলেন, জনগণ সরকারকে দেশের স্বার্থ রক্ষার যে দায়িত্ব দিয়েছে, সেই জায়গা থেকেই মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। গত ২১ জুন মালয়েশিয়া সফর শেষে তিনি চীন যান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় সফরে চীনের সঙ্গে ১৭টি এবং মালয়েশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারকসহ দুটি দলিল বিনিময় হয়। যা দুই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে মনে করছেন সংসদ সদস্যরা।
আলোচনা শেষে প্রধানমন্ত্রীর এই সফরের সাফল্যের জন্য সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। সরকারের ভাষ্য, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

























