মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, হাসনাত আব্দুল্লাহ ও এনসিপিকে বয়কটের ঘোষণা
- আপডেট সময় : ১১:৪৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১৫৬১ বার পড়া হয়েছে
জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও হাসনাত আব্দুল্লাহকে বয়কটের ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।
শুক্রবার (২৮ আগস্ট) মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে এ কর্মসূচি পালন করে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য।
জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে বিক্ষোভ
রাতে হঠাৎ শহরের জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে অবস্থান নেন কওমি ছাত্র ঐক্যের নেতাকর্মীরা। সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন। পরে সেখান থেকে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা এনসিপি ও হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বক্তব্য প্রত্যাহারের দাবি
সমাবেশ থেকে বলা হয়, হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে শনিবার (২৯ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা প্রতিহত করা হবে।
বিক্ষোভকারীরা বলেন, আওয়ামী লীগ আমলে বিভিন্ন ঘটনায় যেভাবে আলেম-উলামা ও হুজুরদের দায়ী করার প্রবণতা ছিল, সেই সংস্কৃতির পুনরাবৃত্তি তারা চান না।
তাদের দাবি, পুলিশ লাইনে উচ্চ শব্দে গান-বাজনা নিয়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে মিথ্যাচার যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি নৌকাবাইচ বন্ধের ঘটনায় সংসদে হাসনাত আব্দুল্লাহ যেভাবে তাওহিদি জনতাকে দায়ী করেছেন, সেটিও অন্যায়।
বক্তারা আরও বলেন, নৌকাবাইচ বন্ধের বিষয়ে এলাকার কৃষকেরা তাদের জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন। তাই বিষয়টি আলেম-উলামা বা হুজুরদের ওপর চাপিয়ে দেওয়া ঠিক হয়নি।
‘ঐক্য চাই, সংঘাত নয়’
বিক্ষোভকারীরা বলেন, তারা জুলাই বিপ্লবের সহযোদ্ধাদের সঙ্গে কোনো সংঘাতে যেতে চান না। তারা ঐক্য ও সম্প্রীতি চান। তবে তাওহিদি জনতা ও আলেম-উলামাকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হলে হাসনাত আব্দুল্লাহকে দুঃখ প্রকাশ করে অবস্থান পরিষ্কার করতে হবে।
তাদের ভাষ্য, জুলাইয়ের শক্তির মধ্যে ঐক্য প্রয়োজন, সংঘাত নয়। তবে ইসলাম ও আলেম-উলামাকে অন্যায়ভাবে দোষারোপের পুরোনো সংস্কৃতির সঙ্গে কোনো আপস করা হবে না।
শনিবার এনসিপির কর্মসূচি
শনিবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেওয়ার কথা রয়েছে।

























